নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের সমাবেশস্থলের মঞ্চের সামনে থেকে কালো টেপে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। এতে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বিকেল তিনটা থেকে শুরু হওয়া ওই সমাবেশে গুরুদাসপুরের ছয়টি ইউনিয়ন ও বড়াইগ্রাম উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন। বস্তুটি মঞ্চের সামনে পড়ে থাকতে দেখার সময় এমপি আবদুল আজিজ নেতাকর্মীদের নিয়ে মঞ্চেই অবস্থান করছিলেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বস্তুটি আসলেই ককটেল কি না, তা যাচাইয়ের কাজ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। কে বা কারা বস্তুটি সেখানে রেখে গেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।
একটি রাজনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপির ছেলের কারাবাস এবং এমপির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছিল। এসব বিরোধের জেরে স্থানীয় বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একই স্থানে প্রতিপক্ষের পাল্টা সমাবেশ ডাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা সমাবেশ করেনি।
এদিকে এ ঘটনায় সংসদ সদস্য আবদুল আজিজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত