আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির মহিলাদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ী করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানানো হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার জিগোরী উচ্চ বিদ্যালয় মাঠে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা সরকারের আট মাসের উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নানা দিক তুলে ধরেন। তাঁদের ভাষ্য, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাগাতিপাড়া-লালপুর আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনীত প্রার্থীদের স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে তরুণ সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহাতাব উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হায়দার রশিদ সোনা।
ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. রমজান আলী ফাকনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল বাতেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য হাফিজুর রহমান, উপজেলা মহিলাদলের সভানেত্রী আইভি, ওলামা দলের আব্দুল বারী, ছাত্রদল নেতা সম্রাট, কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম ও যুবদলের সভাপতি তরিকুল ইসলাম তরু। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত