চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় সড়কের পাশে পার্ক করা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। একই রাতে নিউমার্কেট এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। রোববার রাতে এসব ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাগুলোকে নাশকতা হিসেবে দেখছে না। তাদের প্রাথমিক ধারণা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। দুই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় সড়কের পাশে পার্ক করা একটি বাসে হঠাৎ আগুন জ্বলে ওঠে। অন্য একটি ভিডিওতে নগরের ব্যস্ততম নিউমার্কেট মোড় এলাকায় সড়কের ওপর কিছু একটা ছুড়ে মারার পর বিস্ফোরণ ঘটতে দেখা যায়। এরপর ঘটনাস্থলে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজনকে ছোটাছুটি করতে দেখা যায়। কিছুক্ষণের জন্য যানবাহন ও মানুষের চলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে নিউমার্কেট এলাকায় দুই থেকে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। তাঁর ধারণা, ককটেল নয়, পটকা ফাটানো হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলেন, রোববার মধ্যরাতে দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সড়কের পাশে পার্ক করা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাসটিতে কীভাবে আগুন লেগেছে বা কেউ আগুন লাগিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, বাসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং সেখানে মাদকসেবীরা আড্ডা দিতেন। মাদক সেবনের সময় কোনোভাবে বাসটিতে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিউমার্কেট এলাকার ঘটনা প্রসঙ্গে আমিনুর রশিদ বলেন, সেখানে ককটেল নয়, ফটকা ফাটানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত