অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও নিজের অবস্থান তৈরি করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে উদ্যোক্তা হিসেবে তাঁর পথচলা শুরুটা খুব একটা মসৃণ ছিল না। প্রথম ব্যবসায়িক অংশীদারত্ব ব্যর্থ হয়েছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর মতে, সেই অভিজ্ঞতা পরবর্তী সময়ে বিনিয়োগ ও ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।
সম্প্রতি ‘দ্য মাসুম মিনাওয়ালা শো’তে অংশ নিয়ে ব্যর্থতা থেকে শেখার অভিজ্ঞতা তুলে ধরেন সামান্থা। তিনি বলেন, ‘আমার প্রথম ব্যবসায়িক অংশীদারত্ব সফল হয়নি। এ নিয়ে বিস্তারিত বলতে চাই না। তবে কখনো কখনো প্রথম যে প্রকল্পে বিনিয়োগ করবেন, সেটি ব্যর্থ হওয়াও ভালো। কারণ, সাফল্যের চেয়ে ব্যর্থতা অনেক বেশি কিছু শেখাতে পারে। আমার জীবনে সাফল্যের চেয়ে ব্যর্থতা থেকেই বেশি শিখেছি। সাফল্য আমাকে খুব বেশি কিছু শেখায়নি।’
একই আলোচনায় ব্যবসায় নারীদের অংশগ্রহণ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তাঁর মতে, ব্যবসা শুরু করার ক্ষেত্রে নারীদের মধ্যে তুলনামূলক বেশি ভয় কাজ করে। এই ভয় কাটিয়ে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে তাঁদের সঙ্গে কাজ করাকে গুরুত্ব দেন তিনি।
সামান্থা বলেন, ‘ব্যবসা শুরু করার ভয় নারীদের মধ্যে অনেক বেশি কাজ করে। এর পেছনে ভয়ের একাধিক স্তর রয়েছে। এ কারণেই নারী প্রতিষ্ঠাতাদের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে। এখন পর্যন্ত আট থেকে দশটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছি, যার মধ্যে আটটির প্রতিষ্ঠাতাই নারী। তাঁদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করাটাও আমার জন্য শেখার অভিজ্ঞতা।’
ব্যবসায়িক উদ্যোগের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন সামান্থা। তাঁর সাম্প্রতিক মুক্তি পাওয়া সিনেমা ‘মা ইন্তি বঙ্গারাম’ পরিচালনা করেছেন বিভি নন্দিনী রেড্ডি।
প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। তেলুগু সিনেমায় নারীপ্রধান ছবির বক্স অফিস সাফল্য তুলনামূলক বিরল হওয়ায় ছবিটিকে সামান্থার একক ক্যারিয়ারের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত