কুমিল্লার হোমনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উপজেলা পর্যায়ের ইউনিয়নভিত্তিক স্কুল ফুটবল প্রতিযোগিতায় খেলতে গিয়ে জিসান আহমেদ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জিসান হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের প্রবাসী জালাল হোসেনের ছেলে। তবে তার পরিবার হোমনা পৌর এলাকায় বসবাস করত।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর অংশ হিসেবে হোমনা পৌরসভা ও মাথাভাঙা ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা চলছিল। এতে হোমনা পৌরসভার পক্ষে অংশ নেয় জিসান। খেলার একপর্যায়ে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে সে। পরে দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, দুই দলের মধ্যে ১০ মিনিট করে খেলা নির্ধারিত ছিল। প্রথম ১০ মিনিটের খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই জিসান মাঠে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রধান শিক্ষক আরও বলেন, জিসান ভালো ফুটবল খেলোয়াড় ছিল। জেলা পর্যায়ের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায়ও সে অংশ নিয়েছে। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই শোকাহত।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে জিসানকে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মো. সাইফুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ফুটবল খেলতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার জেলা প্রশাসকের অনুমতি নিয়ে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
জিসানের বন্ধু ও একই বিদ্যালয়ের শিক্ষার্থী শোয়াইব আহমেদ বলেন, জিসান খুব ভালো ছেলে ছিল। সে ভালো ফুটবল খেলত। তারা একসঙ্গে অনেক খেলাধুলা করেছেন। বন্ধুকে হারিয়ে মাঠে নামার কথা ভাবতেই কষ্ট হচ্ছে বলে জানায় শোয়াইব। এসব কথা বলতে বলতে হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে সে।
প্রধান শিক্ষক লুৎফুর রহমান জানান, ৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জিসানের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হবে। রাতে তার প্রবাসী বাবা জালাল হোসেনের দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। তিনি দেশে পৌঁছালে গ্রামের বাড়িতে জানাজা শেষে জিসানকে দাফন করা হবে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন বলেন, একজন কিশোর শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এ কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
জিসানের মৃত্যুর খবর পেয়ে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান ঘটনাস্থলে যান। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত