সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ডিলার নিয়োগ বাতিলের যে খবর ছড়িয়েছে, তা গুজব বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সোমবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত নানা অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই। এতে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকতেও সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের নামে বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৮ নভেম্বরের তারিখ সংবলিত ওই নোটিশে দাবি করা হয়, দেশের বর্তমান সার পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও সরকারি সার সরবরাহের স্বার্থে ২০২৬ সালে বিএডিসির আওতায় অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। একই সঙ্গে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ ও নিয়োগপত্র বাতিলের কথাও বলা হয়। কৃষি মন্ত্রণালয় এ নোটিশের তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত