বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব ছাড়ার পর নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুলবুলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। নতুন দায়িত্বে তিনি দলটির ক্রিকেটারদের দক্ষতা ও পারফরম্যান্স উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের খুঁজে বের করার ক্ষেত্রে দিকনির্দেশনা দেবেন।
ক্রিকেটের উন্নয়ন ও প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতেই বুলবুলকে এই দায়িত্ব দিয়েছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি। আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট উন্নয়ন কার্যক্রমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট উন্নয়ন বিভাগে যুক্ত ছিলেন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। একই সময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তার দায়িত্বও সামলেছেন সাবেক এই ক্রিকেটার।
খেলোয়াড়ি জীবনেও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন আমিনুল ইসলাম বুলবুল। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন তিনি। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে তাঁর সেই অর্জন বাংলাদেশের ক্রিকেটে বিশেষ গুরুত্ব বহন করে।
খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট প্রশাসন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হন বুলবুল। এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার কাজে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় লাহোর কালান্দার্স।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত