মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের একটি অংশ অমানবিক পরিবেশে বসবাস করছেন এবং নিয়োগ সিন্ডিকেটের মাধ্যমে শোষণের শিকার হচ্ছেন বলে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত নিয়োগ ফি আদায়, পাসপোর্ট আটকে রাখা এবং বেতন পরিশোধে অনিয়মের মতো ঘটনাকে তিনি ‘আধুনিক দাসত্ব’ হিসেবে উল্লেখ করেছেন।
সম্প্রতি ‘মালয়েশিয়া মাদানিয়ন স্কলার্স ফোরাম’ (এফআইএম)-এর একটি অনুষ্ঠানে মডারেটর হিসেবে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আনোয়ার ইব্রাহিম জানান, মধ্যস্বত্বভোগী ও নিয়োগ এজেন্টদের অতিরিক্ত অর্থ আদায় এবং শ্রমিকদের পাসপোর্ট কেড়ে নেওয়া বা বেতন আটকে রাখার মতো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না। বিদেশি শ্রমিক নিয়োগের খরচ যৌক্তিক পর্যায়ে রাখতে শ্রমিক সরবরাহকারী দেশগুলোর সঙ্গে মালয়েশিয়া সরকার পর্যায়ক্রমে আলোচনা করছে বলেও জানান তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বীকার করেন, দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে এখনো বিদেশি শ্রমিকের প্রয়োজন রয়েছে। বিশেষ করে পাম অয়েল বাগানে ফল সংগ্রহের মতো শারীরিক পরিশ্রমনির্ভর কাজে বিদেশি শ্রমিকের চাহিদা রয়েছে। এসব খাতে নিয়ন্ত্রিত উপায়ে শ্রমিক নিয়োগের অনুমতি দিতে সরকার প্রস্তুত।
তবে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমাতে নিয়োগকর্তাদেরও উদ্যোগ নিতে হবে বলে জানান আনোয়ার ইব্রাহিম। এ ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার বাড়ানো এবং উৎপাদনপ্রক্রিয়ায় স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর মাধ্যমে শ্রমিকনির্ভরতা কমানোর প্রতিশ্রুতি দিতে হবে নিয়োগকর্তাদের।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত