ছোট ভাইয়ের মৃত্যুর খবর যেন সইতে পারলেন না বড় ভাই। ভাইয়ের মৃত্যুশোকের কয়েক ঘণ্টার ব্যবধানেই তিনিও পাড়ি জমালেন না ফেরার দেশে। এক ভাইয়ের জানাজার প্রস্তুতি চলছিল, এরই মধ্যে আরেক ভাইয়ের মৃত্যুর খবর। শেষ পর্যন্ত একই মসজিদে জানাজা শেষে পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত হলেন দুই ভাই। হৃদয়স্পর্শী এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার নবকলস গ্রামে।
সোমবার (৯ নভেম্বর) ঘটে যাওয়া এ ঘটনায় প্রয়াত দুই ভাই হলেন নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে হাছান খান (৫৫) ও হাসেম খান (৬২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই হাছান খান পাশের বোয়ালিয়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সকাল ৯টার দিকে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে কাজ করতেন এবং পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন।
হাছান খানের মৃত্যুর পর বোয়ালিয়া এলাকায় জোহরের নামাজের পর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম নবকলসে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
কিন্তু এর মধ্যেই ঘটে আরেকটি হৃদয়বিদারক ঘটনা। ছোট ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে অসুস্থ বড় ভাই হাসেম খানের শারীরিক অবস্থার অবনতি হয়। একই দিন বিকেল ৩টার দিকে তাঁরও মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, হাসেম খান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বাড়িতে শয্যাশায়ী ছিলেন।
একই বাড়ির প্রবাসী আমির খান জানান, হাছান খান দীর্ঘদিন ধরে বোয়ালিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। পরিবার নিয়ে তিনি ওই এলাকায় থাকতেন। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। বাদ আসর নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফনের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই বড় ভাইয়ের মৃত্যুসংবাদ আসে।
দুই ভাইয়ের এমন পরিণতিতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে গভীর শোক। পরে পরিবারের সিদ্ধান্তে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুটি কবর খোঁড়া হয়।
সোমবার রাতে এশার নামাজের পর নবকলস গ্রামের মসজিদের সামনে দুই ভাইয়ের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। পরে একই কবরস্থানে পাশাপাশি দুটি কবরে তাঁদের দাফন করা হয়।
জীবনের দীর্ঘ পথ পেরিয়ে দুই ভাইয়ের এমন আকস্মিক বিদায় এবং একই দিনে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হওয়ার ঘটনায় নবকলস গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত