কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌতুক দাবি ও স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সিদলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, স্ত্রী মারিয়া আক্তারকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে আলাউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার শাশুড়ি। ওই মামলায় এর আগে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন ইউপি চেয়ারম্যান।
তবে নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে জামিননামা দাখিল না করায় মঙ্গলবার সকালে তিনি স্বেচ্ছায় সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হাজির হয়ে নতুন করে জামিন আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের পেশকার গোলাম কিবরিয়া ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত