চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-৩-এর সদস্য রাশেদা বেগম হীরার উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের (বিধি-৭১) জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বায়নের বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে পরিণত হয়েছে। এর গুরুত্ব উপেক্ষা করার সুযোগ নেই। নতুন প্রজন্মকে এআই বিষয়ে জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি জানান, চতুর্থ শিল্পবিপ্লবে এআই, রোবোটিকস ও ন্যানোটেকনোলজির ক্রমবর্ধমান প্রভাব বিবেচনায় নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রস্তাবিত শিক্ষাক্রম অনুযায়ী, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-চালিত বিভিন্ন টুল, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবোটিকস সম্পর্কে ধারণা দেওয়া হবে। সপ্তম শ্রেণিতে থাকবে এআইভিত্তিক সার্চ টুল, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার এবং ইন্টারনেট অব থিংসের (আইওটি) ব্যবহারিক প্রয়োগ।
অষ্টম শ্রেণির পাঠ্যসূচিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং ও সরকারি ই-সেবা সম্পর্কে পাঠ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
নবম ও দশম শ্রেণিতে শিক্ষার্থীরা এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিকস এবং ন্যানোটেকনোলজি সম্পর্কে শিখবে। অন্যদিকে, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে এআইয়ের মৌলিক ধারণা এবং দৈনন্দিন জীবন, শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে এর ব্যবহার শেখানো হবে। এ পর্যায়েও রোবোটিকস ও ন্যানোটেকনোলজি পাঠ্যসূচির অংশ থাকবে।
শিক্ষামন্ত্রী বলেন, এআই শিক্ষা শিক্ষার্থীদের শুধু প্রযুক্তিটি ব্যবহারের কৌশল শেখাবে না; বরং এআই থেকে পাওয়া তথ্যের যথার্থতা যাচাই, মূল্যায়ন ও বাছাই করার দক্ষতাও তৈরি করবে। পাশাপাশি দায়িত্বশীল ব্যবহার, তথ্যের সত্যতা যাচাই এবং অনলাইন নিরাপত্তার বিষয়গুলোও গুরুত্ব পাবে।
সাইবার নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার ঘটনাও প্রযুক্তিগত নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেছে।
প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরিতে অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, একটি প্রকল্পের আওতায় দেশের নির্বাচিত প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া প্রস্তাবিত ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট’-এর আওতায় এক হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইক’-এ বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সেখানে শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং এ প্রযুক্তির দায়িত্বশীল প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে। এআই-সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা ও শিক্ষায় প্রযুক্তিটির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং ভবিষ্যতের প্রযুক্তিগত চাহিদা পূরণে শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।
রাশেদা বেগম হীরার অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, আইসিটি শিক্ষার জন্য সরকার অর্থ বরাদ্দ করেছে এবং পরিকল্পিত উদ্যোগগুলো বাস্তবায়নে কাজ চলছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত