জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে ৫ হাজার ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে দেশের প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগের ৮০ শতাংশ আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহ করতে চায় সরকার।
বিশ্বের ৩০ কোটি পরিবারে ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেওয়া বৈশ্বিক উদ্যোগে যুক্ত হয়ে বাংলাদেশ এ পরিকল্পনার কথা জানিয়েছে। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ এ উদ্যোগে সমর্থন জানায় দেশটি। বাংলাদেশ ছাড়াও কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু নতুন করে এ ঘোষণায় যুক্ত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়াও এতে সমর্থন দিয়েছিল।
বৈশ্বিক উদ্যোগটির মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের খরচ কমানো, অনুমোদনপ্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন, সহজ শর্তে অর্থায়ন এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঘোষণায় সমর্থন জানিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য প্রাথমিকভাবে প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনা অনুযায়ী, মোট অর্থের ২০ শতাংশ জোগান দেওয়া হবে দেশীয় উৎস থেকে। বাকি ৮০ শতাংশ সংগ্রহ করতে হবে আন্তর্জাতিক অর্থায়নের মাধ্যমে। এ হিসাবে দেশের নিজস্ব অর্থায়নে প্রায় ১ লাখ ৭৪ হাজার ছাদে এবং আন্তর্জাতিক সহযোগিতায় আরও ৬ লাখ ৯৬ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
বিদ্যুৎ বিভাগের সচিবের মতে, ভবনের ছাদগুলোকে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ হিসেবে কাজে লাগাতে সহজ শর্তে অর্থায়ন, উন্নত প্রযুক্তি এবং পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, বৈদেশিক মুদ্রার চাপ এবং সরবরাহের অনিশ্চয়তা দীর্ঘদিনের চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য জ্বালানির উৎস হওয়ার পাশাপাশি আমদানিনির্ভরতা কমানোরও সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে শিল্পকারখানা, বাণিজ্যিক ভবন ও আবাসিক স্থাপনার অব্যবহৃত ছাদ কাজে লাগানো গেলে জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কমানো সম্ভব।
ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল সি বড়ুয়া বলেন, অফ-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনে পাকিস্তার সাম্প্রতিক অগ্রগতি জ্বালানিসংকটে থাকা দেশগুলোর জন্য অনুপ্রেরণা হতে পারে। বাংলাদেশও পাকিস্তানের মতো জ্বালানি সংকটের মুখোমুখি। তবে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের ইতিবাচক অবস্থান লক্ষ করা যাচ্ছে।
তিনি আরও বলেন, সৌরবিদ্যুতের প্রসারে বিশেষ অধ্যাদেশ প্রণয়নের পাশাপাশি কর-সুবিধা, অর্থায়নব্যবস্থা এবং বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের কারণে শিল্পকারখানা ও জাতীয় গ্রিডের বাইরে থাকা পরিবারগুলোর মধ্যে সৌরবিদ্যুৎ স্থাপনের আগ্রহ বাড়ছে। পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে আগামী পাঁচ বছরে বাংলাদেশ জ্বালানিসংকটে থাকা ঘনবসতিপূর্ণ দেশগুলোর জন্য উদাহরণ হয়ে উঠতে পারে।
তবে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কেবল লক্ষ্যমাত্রা ঘোষণা করলেই হবে না বলে মনে করেন নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তাঁর মতে, এ খাতে শক্তিশালী দেশীয় সরবরাহব্যবস্থা, প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষ জনবল তৈরি করা জরুরি। পাশাপাশি বিনিয়োগ ও বাস্তবায়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার বিভিন্ন নীতিগত ও বাস্তবায়নমূলক উদ্যোগে প্রতিফলিত হয়েছে। তবে এলএনজি অবকাঠামো সম্প্রসারণ এবং বিদ্যুৎ উৎপাদনে দেশীয় কয়লা উত্তোলনের পরিকল্পনা সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করতে পারে। দীর্ঘ মেয়াদে এসব উদ্যোগের আর্থিক টেকসইতা নিয়েও প্রশ্ন রয়েছে।
রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানগুলোর আর্থিক লোকসান কমানোর বিষয়েও গুরুত্ব দেন তিনি। পাকিস্তানের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে জ্বালানি খাতের ভর্তুকি ধীরে ধীরে প্রত্যাহারের পরামর্শ দিয়ে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এতে সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর লোকসান কমতে পারে। একই সঙ্গে গ্রাহকদের গ্যাস, এলএনজি, ডিজেল ও এলপিজির পরিবর্তে বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা সম্ভব। এ ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাঁর মতে, তাৎক্ষণিক জ্বালানিসংকট মোকাবিলার পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং ব্যয়বহুল নীতিগত ভুল এড়িয়ে চলা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী এবং কপ৩১ সম্মেলনের আলোচনার সভাপতি ক্রিস বোয়েন বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ অস্ট্রেলিয়ার জ্বালানি রূপান্তরে সাধারণ পরিবারগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিয়েছে। দেশটির প্রতি তিনটি বাড়ির একটিতে সৌরবিদ্যুতের প্যানেল রয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ হার। অন্যান্য দেশেও এ অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই বৈশ্বিক ঘোষণাটি নেওয়া হয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্টের জলবায়ু অর্থায়ন ও অংশীজন সম্পৃক্ততাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষ সহকারী ইব্রাহিম এ শেলেং বলেন, সৌরবিদ্যুৎ অবকাঠামোয় বিনিয়োগ জ্বালানি স্বনির্ভরতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘ মেয়াদে অবকাঠামোগত ব্যয় কমাতে সহায়তা করতে পারে।
বৈশ্বিক রুফটপ সোলার ঘোষণায় জাতীয়, রাজ্য ও স্থানীয় সরকারগুলোকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ এবং বাড়িতে ব্যাটারি ব্যবহারের প্রসার ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে। এ জন্য সহজ অনুমোদনপ্রক্রিয়া, সাশ্রয়ী অর্থায়ন, আধুনিক বিদ্যুৎ গ্রিড, সবার জন্য সমান সুযোগ এবং দক্ষ জনবল তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।
বৈশ্বিক সৌর কাউন্সিল ও সোলার সিটিজেনস নতুন দেশগুলোর সমর্থনকে স্বাগত জানিয়েছে। সংস্থা দুটির মতে, আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পরিবারগুলোর কাছে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব।
তবে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের বিস্তারে পর্যাপ্ত অর্থায়নের অভাব, দুর্বল বিদ্যুৎ গ্রিড এবং দক্ষ জনবলের সংকট বড় বাধা হিসেবে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও দেশীয় সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ হবে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের নীতিগত অঙ্গীকারের পাশাপাশি বিনিয়োগ সংগ্রহ ও বাস্তবায়নের সক্ষমতাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত