কিশোরগঞ্জের ভৈরবে থানার সামনে বোমা (ককটেল) বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠেছে। তবে ভৈরব থানা-পুলিশ বলছে, ঘটনাস্থলে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তাদের ধারণা, সড়কে চলাচলকারী কোনো গাড়ির টায়ার ফেটে গিয়ে শব্দটি হয়েছে।
বিভিন্ন মহলের দাবি অনুযায়ী, ১০ নভেম্বর (মঙ্গলবার) রাত ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশের ভাষ্য, সড়কে বিকট শব্দের উৎস খুঁজতে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ককটেল বা বোমা বিস্ফোরণের কোনো চিহ্ন তারা পায়নি।
ঘটনার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ২১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে ভৈরব থানার সামনে বিকট একটি শব্দ শোনা যায় এবং অজ্ঞাত এক যুবককে বলতে শোনা যায়, ‘জয় বাংলা, ভৈরব থানার সামনে বোমা বিস্ফোরণ, জয় বাংলা।’ বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা যায় বলেও ভিডিওতে দেখা গেছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনার সময় তিনি থানার ভেতরেই ছিলেন। বিকট শব্দ শুনে তাৎক্ষণিক পুলিশ ফোর্স নিয়ে সড়কে গিয়ে তিনি ধূলিকণা উড়তে দেখেন। সেখানে ককটেল বা বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। এমনকি আতশবাজি ফোটানো হলেও কিছুটা আলামত থাকে, সেটিও মেলেনি। প্রাথমিকভাবে তার ধারণা, সড়কে চলাচলকারী কোনো গাড়ির টায়ার ফেটে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে ওসি বলেন, ভিডিওটি ১০ নভেম্বরের ঘটনার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, সড়কে সত্যিই ককটেল বা বোমা বিস্ফোরণ হলে কিছু না কিছু আলামত অবশ্যই পাওয়া যেত।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত