পরিবেশদূষণ রোধে ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে সনাতন পদ্ধতির একটি ইটভাটার ১২০ ফুট উঁচু চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হোসেন জিসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘ফরাজি ব্রিকস’ নামের ইটভাটাটির চিমনি ভেঙে দেওয়া হয়। ১২০ ফুট উচ্চতার এই চিমনিবিশিষ্ট ভাটাটি সনাতন পদ্ধতিতে চালানো হচ্ছিল। একই সঙ্গে ভাটার কার্যক্রমও বন্ধ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন ও মো. শাহিন আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশ এবং জেলা আনসার সদস্যরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সুরক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য রক্ষায় ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত