তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) শুরুর আগে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
হাসান শিপলু জানান, বুধবার সকালে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে গত রোববার স্থানীয় সময় সকাল ১১টায় কপ-৩১ সম্মেলন শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
এর আগে গত বছর ১০ নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩০তম সম্মেলন (কপ-৩০) অনুষ্ঠিত হয়েছিল
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত