গত ১৫ বছরে সারাদেশে ৪ লাখ ৯৪ হাজার ৮৬৯টি পরিবারকে ১ লাখ ২২ হাজার ৫৪৪ দশমিক ৩০৭ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি জানান, ২০১১-২০১২ অর্থবছর থেকে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত সময়ে এসব জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
লিখিত প্রশ্নে নিলোফার চৌধুরী মনি জানতে চান, গত ১৫ বছরে সারাদেশে কতজন ভূমিহীনকে কী পরিমাণ খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি জমির পরিমাণসহ উপজেলা অনুযায়ী ভূমিহীনদের নাম ও ঠিকানা এবং কী কী শর্তে এসব জমি বরাদ্দ দেওয়া হয়েছে, সে তথ্যও জানতে চান তিনি।
জবাবে ভূমিমন্ত্রী জানান, কৃষি খাসজমি বন্দোবস্তের বিস্তারিত তথ্য জেলা ও উপজেলা পর্যায়ে সংরক্ষিত আছে। তিনি আরও বলেন, কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭ অনুযায়ী জমি বন্দোবস্তের সব কার্যক্রম জেলা প্রশাসকরা সম্পন্ন করে থাকেন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত