
ময়মনসিংহে র্যাব-১৪’র অভিযানে ৬০৭ বোতল বিদেশী মদ, একটি পিকআপ, একটি মোটরসাইকেল ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের রশিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১৪ সূত্র জানায়, বাংলাদেশ সরকারের ঘোষিত ‘মাদকবিরোধী জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সিপিএসসি, র্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন রশিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি পিকআপ ও একটি মোটরসাইকেল র্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে সদস্যরা তাদের থামিয়ে তল্লাশি চালান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল আরোহীরা পিকআপটি ‘স্কট’ করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন এবং পিকআপে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ বহনের তথ্য দেন। পরে পিকআপে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোটরসাইকেল, নগদ ৭ হাজার ৩৩০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— গাজীপুর জেলার মো. রাসেল মিয়া (২৮), বগুড়া জেলার মো. বাবুল মিয়া (২৮) এবং গাজীপুর জেলার মো. খালিদ মাহমুদ শোয়েব (২৮)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। সংঘবদ্ধ এই চক্রটি বিভিন্ন যানবাহন ব্যবহার করে কৌশলে মাদক পরিবহন করতো বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ আরও জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে র্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 


















