
মাগুরায় স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই ও একাধিক ধাপের পরীক্ষার মাধ্যমে ১৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে জেলা পুলিশ।
রবিবার (২৪ মে) মাগুরা পুলিশ লাইন্সে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি নিয়োগ কার্যক্রমে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১ হাজার ২৩৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৩৪৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন।
সব ধাপের মূল্যায়ন শেষে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ১৭ জনকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় আরও ৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

ফলাফল ঘোষণার পর পুলিশ লাইন্স এলাকায় উত্তীর্ণ প্রার্থী ও তাদের স্বজনদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেককে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এসময় নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
তিনি বলেন, “বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সরকার বদ্ধপরিকর। এখানে কোনো তদবির বা অনিয়মের সুযোগ নেই। যারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছেন, তাদের দেশ ও জনগণের সেবায় সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ কঠোরভাবে মনিটরিং করা হয়েছে যাতে যোগ্য প্রার্থীরাই সুযোগ পান। স্বচ্ছ ও জনবান্ধব নিয়োগ কার্যক্রমের কারণে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া পড়েছে।
আফরিনা আমীন নদী, মাগুরা 


















