
উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় চিকিৎসকরা আপাতত দেশে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, এই মুহূর্তে মির্জা আব্বাসকে বিদেশে নেওয়া হচ্ছে না। তার পরিবারের পক্ষ থেকেও দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখা হয়েছে। তবে পরবর্তীতে মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
তিনি বলেন, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতি নেওয়ার পর সেই অনুযায়ী তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন। এ সময় চিকিৎসকদের মেডিকেল বোর্ড তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন।
ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে।
উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক অধিকার ডেস্ক 

















