
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেছেন, “কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। জেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
বুধবার (১ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী গাইবান্ধা জেলার কৃতি সন্তান। তিনি ২৫তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। চাঁপাইনবাবগঞ্জে যোগদানের আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন। গত ১৬ মার্চ তিনি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
সভায় পরিচিতি পর্ব শেষে উন্মুক্ত আলোচনায় জেলার সার্বিক সমস্যা, অনিয়ম ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আম মৌসুমে ইটভাটা চালু রাখা, অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি, বালু উত্তোলন ও বালুমহল ইজারা, মহাসড়কে চাঁদাবাজি, অবৈধ যানবাহন চলাচল, হাম রোগ নিয়ে জনমনে আতঙ্ক, গরু চুরি, মিডিয়াকর্মীদের সঙ্গে প্রশাসনের সমন্বয়হীনতা, প্রয়োজনীয় তথ্য সরবরাহে বিলম্ব, ভূঁইফোঁড় সাংবাদিক ও নিবন্ধনবিহীন মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
এছাড়া সাংবাদিকরা জুলাই ছাত্র-গণআন্দোলন সংশ্লিষ্ট বিষয়, প্রশাসনে সুবিধাভোগীদের চিহ্নিতকরণ, কালেক্টরেট শিশুপার্ক উন্নয়ন, পর্যটন কেন্দ্র গড়ে তোলা, বিশ্বরোড মোড়ে “আম চত্বর” নির্মাণ, অপ্রাপ্তবয়স্কদের দিয়ে যানবাহন চালানো বন্ধ, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা, নিউমার্কেট এলাকায় চাঁদাবাজি বন্ধ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও মশা নিধন, এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেসক্লাব সভাপতি হোসেন শাহ নেওয়াজ, চ্যানেল আই প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ আরও অনেকে।
সাংবাদিকরা মাদক নিয়ন্ত্রণ জোরদার, সরকারি দপ্তরে দুর্নীতি হ্রাস, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
জবাবে জেলা প্রশাসক জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে আপনাদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও আশ্বস্ত করেন যে, জেলা প্রশাসন সর্বদা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং জনগুরুত্বপূর্ণ যেকোনো বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রটগণ, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান শিশির, দৈনিক
চাঁপাই দর্পণ ও দৈনিক অধিকার ডট কমের নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলী, মোঃ আসাদুল্লাহসহ জেলার সাংবাদিক,বিভিন্ন প্রেসক্লাবের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যম এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ মতবিনিময় সভার মাধ্যমে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে এবং জেলার সার্বিক উন্নয়নে যৌথ উদ্যোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 






















