
রাজশাহী মহানগরীতে ছাদ থেকে নিচে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোডশেডিংয়ের সময় ভবনের ছাদে ওঠার পর অসাবধানতাবশত নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আখতারুজ্জামান (১৮)। তিনি রাজশাহীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর বাবা আসাদুজ্জামান। পরিবারের স্থায়ী বাসা রাজশাহীর পবা উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজপাড়া থানা এলাকার মো. আমিনুল ইসলামের তিনতলা ভবনের নিচতলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন আখতারুজ্জামান। গত কয়েকদিন ধরে তাঁর মা বাসায় ছিলেন না।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের একপাশে বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত দুই ভবনের মাঝখানের ফাঁকা স্থানে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানা পুলিশ জানিয়েছে, মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে একজন এইচএসসি পরীক্ষার্থীর এমন অকাল প্রাণহানির ঘটনায় পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সৈয়দ মাসুদ রাজশাহী 

















