
রাজশাহীতে সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলা এবং শিশু মৃত্যুর হার কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে হামসহ মোট ১০ ধরনের টিকা সংগ্রহে সরকার ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং অর্থ UNICEF-কে পরিশোধ করা হয়েছে। খুব শিগগিরই এসব টিকা দেশে পৌঁছাবে এবং হাতে পাওয়া মাত্রই সারাদেশে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হবে।
স্বাস্থ্য সচিব বলেন, রাজশাহীতে শিশু মৃত্যুর ঘটনায় কিছু সীমাবদ্ধতা ছিল, তবে সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। হামের বিষয়ে উদ্বেগ থাকলেও World Health Organization-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সব শিশু শুধুমাত্র হামে আক্রান্ত হয়ে মারা যায়নি; অনেকেই অন্যান্য জটিল রোগে ভুগছিল।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে টিকাদান জোরদার, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, আইসোলেশন ব্যবস্থার উন্নয়ন এবং জনবল সংকট নিরসন।
হাসপাতালের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ১২০০ শয্যার রামেক হাসপাতালে বর্তমানে প্রায় তিন হাজারের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন, যা স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। অতিরিক্ত চাপ সামাল দিতে হামে আক্রান্ত নয় এমন রোগীদের নিকটবর্তী হাসপাতালগুলোতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সংক্রামক রোগীদের জন্য আইসোলেশন ব্যবস্থা জোরদার, অতিরিক্ত শয্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ চলছে।
এছাড়া, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাজশাহীর ২০০ শয্যার শিশু হাসপাতাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এটি চালু হলে শিশুদের চিকিৎসা সেবায় স্বস্তি ফিরবে এবং রামেক হাসপাতালের ওপর চাপ কমবে।
স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের ঘাটতির বিষয়েও গুরুত্ব দিয়ে সচিব বলেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে দ্রুত জনবল নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে হাসপাতালের জন্য নতুন ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক অধিকার ডেস্ক 












