
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যালয়ের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার রইচ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিফিনের সময় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ের বাথরুমে গেলে শিক্ষক মোতালেব সেখানে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ধস্তাধস্তি করে ওই ছাত্রী সেখান থেকে বের হয়ে এসে বিষয়টি বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় কাজী মোশারফ হোসেন। একই সময়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহেও বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে এবং ওই ছাত্রীকে থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে ছাত্রীর বাবা নাগেশ্বরী থানায় এ ঘটনায় মামলা করেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামূল হক প্রধান জানান, মামলার পর অভিযুক্ত শিক্ষক আব্দুল মোতালেবকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আর ওই ছাত্রীকে থানায় হেফাজতে রাখা হয়েছে।
ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অধিকার ডেস্কঃ 














