
চট্টগ্রাম নগরের হালিশহর থানার উত্তর আগ্রাবাদ এলাকায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে একটি সভায় অংশ নেন ছায়েদুর রহমান। তখন তাঁকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হিসেবে পদোন্নতি পান।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে স্ত্রী বাসায় ফিরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, বাসার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
অধিকার ডেস্কঃ 

















