
ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে আজাহারুল ইসলাম ওরফে কাওছার (৩৬) নামে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেলিয়া দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে বলে পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে।
গ্রেফতার কাওছার পেশায় রংমিস্ত্রি। তার বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার সমাসপুর সূতি গ্রামে। তিনি ধামরাইয়ের কেলিয়া দক্ষিণপাড়া এলাকায় স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও মামলার সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরীর মা একটি রেডিও সেন্টারে রান্নার কাজ করেন। তার আগের সংসারে দুই মেয়ে রয়েছে। প্রায় সাত বছর আগে আজাহারুল ইসলাম ওরফে কাওছারের সঙ্গে তার বিয়ে হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে কাওছার তার দুই সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ান। পরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে তিনি ভুক্তভোগী কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, এর আগেও একাধিকবার ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে সে পরিবারের সদস্যদের জানিয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বুধবার সন্ধ্যায় কাওছার বাসায় ফিরলে স্থানীয় লোকজন তাকে আটকে রাখেন। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
অধিকার ডেস্কঃ 

















