
আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিশ্বকাপজয়ী এই কোচের সঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র তিন মাস বাকি। তবে এখনো নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি।
ট্রিবিউনার এক প্রতিবেদনে স্কালোনির চুক্তি নবায়ন নিয়ে এমন তথ্য উঠে এসেছে।
২০১৮ সালে হোর্হে সাম্পাওলি আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব পান স্কালোনি। পরবর্তীতে স্থায়ীভাবে কোচের দায়িত্ব পাওয়ার পর ধীরে ধীরে জাতীয় দলকে নতুনভাবে গড়ে তোলেন তিনি।
স্কালোনির অধীনে আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলে দুর্দান্ত সাফল্য পায়। তাঁর কোচিংয়ে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং একই বছরের কাতার বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা।
একাধিক বড় শিরোপা জয়ের পাশাপাশি স্কালোনির অধীনে আর্জেন্টিনা দীর্ঘ সময় আন্তর্জাতিক ফুটবলে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখে। ফলে দলের সঙ্গে তাঁর সম্পর্ক আরও দীর্ঘ করার প্রত্যাশা ছিল সমর্থকদের মধ্যে।
তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও নতুন চুক্তির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এএফএর সঙ্গে আলোচনা শুরু হলেও সমঝোতা না হওয়ায় স্কালোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
দ্রুত নতুন চুক্তি সম্পন্ন না হলে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর্জেন্টিনার কোচের পদ ছাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও এএফএ কিংবা স্কালোনির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ফলে আপাতত আর্জেন্টিনা দলের ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অপেক্ষা করতে হচ্ছে সমর্থকদের। শেষ পর্যন্ত নতুন চুক্তিতে দুই পক্ষ একমত হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।
নিজস্ব প্রতিনিধি 
























