
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ সিরিয়া। তাসখন্দ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
উভয় দলই বাছাইপর্বের মিশন শুরু করেছিল হার দিয়ে। প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ, অন্যদিকে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে সিরিয়া। ফলে আজকের ম্যাচে উভয় দলের সামনেই লক্ষ্য একটাই—জয়ে ফেরা।
বাংলাদেশ-সিরিয়া ম্যাচটি বেশ উপভোগ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই লড়াইয়ে বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে সিরিয়ার যুবারা, কেননা সাম্প্রতিক সময়ে বড় দলগুলোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে দলটি। এশিয়ান কাপের মূল পর্বেও নিয়মিত মুখ সিরিয়া। ২০২৫ সালের আসরে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হারলেও জাপান ও থাইল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই ২-২ গোলে ড্র করেছিল তারা। উঁচুমানের ফুটবল খেলে থাকা এই দলটির বিপক্ষে সমান তালে লড়াই করে জয় ছিনিয়ে আনা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে।
তবে সিরিয়ার মুখোমুখি হওয়ার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। শক্তিশালী প্রতিপক্ষ উজবেকিস্তানের বিপক্ষে হারলেও মাঠে দলটির লড়াকু মানসিকতা প্রশংসিত হয়েছে, যা সিরিয়ার বিপক্ষে ম্যাচেও দলকে মানসিকভাবে এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত এপ্রিলে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সেই শিরোপাজয়ী দলের সঙ্গে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার, যা দলের সামগ্রিক শক্তি আরও বাড়িয়েছে।
সব মিলিয়ে প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পেলেও সিরিয়ার বিপক্ষে জয়ে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ হয়েই আজ মাঠে নামবে বাংলাদেশের যুবারা।
অধিকার ডেস্কঃ 

























