
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় পাঁচটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে রহনপুর পৌর এলাকার পাঁচটি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়।
অভিযানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিমসহ উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ইউএনও জিল্লুর রহমান বলেন, কারেন্ট জাল মাছের প্রজনন ও জলজ সম্পদ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। এই নিষিদ্ধ জালের বিক্রি ও ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়ে তিনি বলেন, অবৈধভাবে কারেন্ট জাল মজুত, বিক্রি বা ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ জাল বিক্রি করে কেউ পার পাবে না এবং মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনার কথাও জানান তিনি।
অন্যদিকে মহানন্দা ব্রিজ সংলগ্ন মহানন্দা নদীতে পৃথক অভিযান পরিচালনা করে ১০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আটক করা হয় এবং বীরশ্রেষ্ঠ মহীউদ্দীন ক্লাব সংলগ্ন নদীর ধারে জনসমক্ষে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, চাঁপাইনবাবগঞ্জ সদর এবং চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সহযোগিতায় মহানন্দা নদীতে এই অভিযান চালানো হয়। অভিযানে আটক ১০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।
নিজস্ব প্রতিনিধিঃ 























