
নাটোরের লালপুরে ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে পরিবহনের অভিযোগে অভিযান চালিয়ে ছয়টি ড্রাম ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে বানেশ্বর-ঈশ্বরদী মহাসড়কের মঞ্জিলপুকুর এলাকার বটতলা মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার মো. মুন্না (২৬), মো. বকুল ইসলাম (৩৫), মো. সজল (২৬), মো. রিফাত (২২), মো. কলিন্স (২২) ও মো. জিসান (২৩)। এ ছাড়া লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ভুইয়াপাড়া এলাকার মো. সাকিব (২২) ও মো. খেজের আলী (৫৬)-কেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মঞ্জিলপুকুর এলাকার বটতলা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফসলি জমির মাটি ড্রাম ট্রাকে করে অবৈধভাবে পরিবহনের সময় আটজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত ছয়টি ড্রাম ট্রাক জব্দ করে পুলিশ।
এ ঘটনায় লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল, যার ফলে কৃষিজমির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তারা।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে পরিবহন করা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি জানান, এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাজেদুর রহমান,নাটোর 
























