
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কানাইডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১৪০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার রাজাবাড়ী পোস্ট অফিস সংলগ্ন কানাইডাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কানাইডাঙ্গা এলাকার বাসিন্দা নাসিরুদ্দীন (পিতা মৃত মহসিন আলী)-এর চাচাতো ভাই মৃত খাদিমুল ইসলাম সকেটের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে সার মজুদ রাখা হয়েছে বলে গোপন সংবাদ পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়। অভিযানে গোয়ালঘর থেকে ৯০ বস্তা এমওপি ও ৫০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়, যা মিলিয়ে মোট ১৪০ বস্তা সার জব্দ করা হয়।
অবৈধভাবে সার মজুদের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১ লাখ ৪২ হাজার টাকা। জরিমানাসহ এ ঘটনায় মোট আর্থিক সংশ্লিষ্টতার পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ রাখা, কৃত্রিম সংকট তৈরি কিংবা অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
রাজশাহী প্রতিনিধিঃ 
























