
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের ২০২৬–২৭ সেশনের সিনিয়র রোভার মেট নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ শেখ। একই সেশনের জন্য গার্লস ইন সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পেয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা ইন্না।
বুধবার (২০ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কক্ষে অনুষ্ঠিত হয় নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ কাউন্সিল ২০২৬। ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও গ্রুপ সম্পাদক আবদুল করিমের নেতৃত্বে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
গ্রুপ কাউন্সিলে সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে ২০২৬–২৭ সেশনের জন্য সিনিয়র রোভার মেট, গার্লস ইন সিনিয়র রোভার মেট ও রোভার মেট নির্বাচিত করা হয়।
নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে সিনিয়র রোভার মেট মোহাম্মদ ইউসুফ শেখ বলেন, নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নির্বাচিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। যারা তার ওপর আস্থা রেখে এই দায়িত্বের জন্য বেছে নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দীর্ঘ ১৫ বছরের স্কাউটিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্রুপকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, সাবেক সিনিয়র রোভার মেট মমিনুল ও রিয়ার প্রতি তার বিশেষ কৃতজ্ঞতা রয়েছে। পাশাপাশি গ্রুপ সম্পাদক আবদুল করিমের দিকনির্দেশনা ও সহযোগিতার জন্যও তিনি ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে গার্লস ইন সিনিয়র রোভার মেট নির্বাচিত হয়ে উম্মে হাবিবা ইন্না বলেন, এই দায়িত্ব পাওয়া তার জন্য আনন্দ ও গর্বের পাশাপাশি একটি বড় দায়িত্বও বটে। স্কাউটিং থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপকে আরও গতিশীল করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, নতুন প্রজন্মের রোভারদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য। এ ছাড়া সেবার মনোভাব নিয়ে সমাজ ও মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং রোভারদের মধ্যে ভ্রাতৃত্ব, দলগত কাজ ও নেতৃত্বের চর্চা আরও শক্তিশালী করার প্রত্যাশার কথাও জানান তিনি। সবার সহযোগিতা নিয়ে একটি সক্রিয়, দক্ষ ও মানবিক রোভার স্কাউট গ্রুপ গড়ে তোলাই তার ভবিষ্যৎ লক্ষ্য বলে জানান তিনি।
নবনির্বাচিত এই নেতৃত্ব আগামী ২০২৬–২৭ সেশনে নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের কার্যক্রম পরিচালনা, সদস্যদের নেতৃত্ব প্রদান এবং বিভিন্ন স্কাউটিং কর্মসূচিতে সমন্বয়কের ভূমিকা পালন করবেন।
নূসরাত জাহান, নোবিপ্রবি প্রতিনিধিঃ 
























