
চাঁপাইনবাবগঞ্জে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আশরাফুল ইসলাম রঞ্জু, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য মো. তোফিকুল ইসলাম তোফাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় আসন্ন টুর্নামেন্টটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা চাওয়া হয়। এ ছাড়া টুর্নামেন্টের প্রস্তুতি, আয়োজন ও খেলা পরিচালনা সংক্রান্ত নানা বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয় সভায়।
সভায় জানানো হয়, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আন্তঃজেলা পর্যায়ের দলগুলোও এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিটি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মনোনীত রেফারিরা।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। তিনি আরও বলেন, এই টুর্নামেন্টকে উৎসবমুখর ও সফল করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা অপরিহার্য।
সভায় উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মীরা টুর্নামেন্টের প্রচার-প্রচারণা, দর্শক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সুষ্ঠু পরিবেশে খেলা আয়োজনের বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
নিজস্ব প্রতিবেদকঃ 






















