
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন এবং ডিবি (দক্ষিণ) পরিদর্শক (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি পরিচালিত হয় ৩ আগস্ট ২০২৬ ভোর ৬টা ৪৫ মিনিটে ভালুকা মডেল থানার হবিরবাড়ী লবনকোটা এলাকায়। এ সময় ৬০০ পিস কথিত ইয়াবা, একটি মোটরসাইকেল এবং চারটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া আলামতের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এই অভিযানে গ্রেফতার করা হয় মাসুদ রানা (৪০), রুপা আক্তার (২১), শাকিল শেখ (২০) ও সাজ্জাদ হোসেন (২৫)-কে।
একই দিন রাত ৮টা ১০ মিনিটে কোতোয়ালী মডেল থানার ময়নার মোড় এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে আরও ৫০ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রানা মিয়া (২৮) ও জাকিরুল ইসলাম (৩০) নামে দুজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ভালুকা মডেল থানা এবং কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে সম্পৃক্ত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান তুলে ধরে পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে এবং সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 






















