
থাইল্যান্ডে একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ চলাকালে বজ্রাঘাতে এক ফুটবলারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন মালয়েশিয়ান ফুটবলার রয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত প্রদেশের সুংগাই গোলোক শহরের সান্তিফাপ স্টেডিয়ামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। থাই এনকোয়ারার, নিউ স্ট্রেইটস টাইমস এবং মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বের্নামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে প্রবল বৃষ্টির মধ্যেই আঞ্চলিক এফএ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ চলছিল। আবু এক্স নং সিরিন ও স্যামকল্টের মধ্যকার ম্যাচে হঠাৎ বজ্রপাত হলে কয়েকজন খেলোয়াড় মাঠে লুটিয়ে পড়েন।
এ ঘটনায় ২৪ বছর বয়সী উইঙ্গার সোফওয়ান আওয়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান। আহত আরও ১২ জনকে সুংগাই গোলোক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সোফওয়ান আওয়ে থাইল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ইয়ালা এফসির খেলোয়াড় ছিলেন। ঘটনার কয়েক দিন আগেই তিনি আবু এক্স নং সিরিন ক্লাবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি পাট্টানি এফসির হয়েও খেলেছেন।
সুংগাই গোলোক পুলিশের প্রধান থুন সিরিখুন্ট জানান, জরুরি ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। সোফওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও গুরুতর বজ্রাঘাতের কারণে তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আহতদের মধ্যে মালয়েশিয়ার ২২ বছর বয়সী ফুটবলার মোহাম্মদ আলিফ এজ্জাহান জুলকিফলিও রয়েছেন। তিনি স্যামকল্ট দলের হয়ে খেলছিলেন।
উল্লেখ্য, স্যামকল্ট দলে থাইল্যান্ড ও মালয়েশিয়ার ফুটবলাররা একসঙ্গে খেলছিলেন। টুর্নামেন্টে মালয়েশিয়ার কেলান্তান এফসিসহ আরও কয়েকটি দল অংশ নিয়েছে। সুংগাই গোলোক শহরটি থাইল্যান্ড ও মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
এদিকে, সোফওয়ান আওয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। এক শোকবার্তায় সংস্থাটি নিহতের পরিবার, ক্লাব এবং সংশ্লিষ্ট সবার প্রতি সমবেদনা জানিয়েছে।
অধিকার ডেস্ক: 
























