
পরিবেশ দূষণ কমানো, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজায়নকে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচালিত হয়েছে “প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বৃক্ষ বিতরণ” কর্মসূচি এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
রোববার (২ আগস্ট ২০২৬) আয়োজিত এই উদ্যোগের অন্যতম কেন্দ্র ছিল শম্ভূগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়। সপ্তাহের প্রথম কর্মদিবসে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন “পাশে আছি আমরা”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
এসময় জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে নিয়মিত গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল একটি প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে একটি গাছের চারা প্রদান। অতিথিরা শিক্ষার্থীদের হাতে নিজে চারা তুলে দেন এবং পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব আচরণ গড়ে তুলতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বিদ্যালয় ও আশপাশের এলাকা পরিষ্কার করার পাশাপাশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহেও সক্রিয় ভূমিকা পালন করেন।
আয়োজকদের মতে, প্লাস্টিক দূষণ কমানো এবং নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশ গঠনের অঙ্গীকার করেন। তারা প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং নিজ নিজ আশপাশ পরিষ্কার রাখার প্রতিশ্রুতি দেন। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে সম্মিলিত অংশগ্রহণই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মত দেন আয়োজকরা।
শফিয়েল আলম সুমন,ময়মনসিংহ প্রতিনিধি: 
























