
আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কেন্দ্র (আইসিসিসিএডি) আয়োজিত ইয়ুথ ইনোভেশন ফান্ড ২০২৬-এর ক্লাব ক্যাটাগরিতে অনুদানপ্রাপ্ত সংগঠন হিসেবে নির্বাচিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রি আর্থ ক্লাব।
এই অর্জনের ফলে আগামী ছয় মাসে প্রায় ৩ লাখ টাকার অনুদানে ‘চরের কথা: ক্ষতি থেকে সচেতনতা ও উদ্যোগ’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করবে ক্লাবটি।
প্রকল্পের আওতায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ চরাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির প্রকৃতি, মাত্রা ও প্রভাব সম্পর্কে অনুসন্ধান চালানো হবে। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতা ও অভিযোজন কৌশল নথিভুক্ত করা, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, কমিউনিটির সম্পৃক্ততা বৃদ্ধি এবং তরুণদের মাঝে জলবায়ু সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
এই অর্জনে আইসিসিসিএডি, ক্যাপ-রেস প্রকল্প, ঢাকায় সুইডেন দূতাবাস, রি আর্থ ক্লাবের সদস্য এবং সংশ্লিষ্ট সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্লাবটি।
রি আর্থ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব ও তাদের অভিযোজনের গল্প আরও ব্যাপকভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেও কাজ করবে ক্লাবটি।
জুবায়ের আল হাসান ,বেরোবি প্রতিনিধিঃ 
























