
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং নতুন করে ৯৫৯ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এ সময় পরীক্ষায় কারও মৃত্যু হামজনিত বলে নিশ্চিত হওয়া যায়নি।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হওয়ায় চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনে।
হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১২৪ জন ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে রোগীর সংখ্যা ৩৯৪। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, সিলেটে ১১৯ জন, বরিশালে ১১৪ জন, খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৩৭ জন, রাজশাহীতে ৩১ জন এবং রংপুর বিভাগে ১০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
অধিকার ডেস্ক: 
























