
নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।
তিনি জানান, আটকের সময় ডা. ইসমাঈল আল রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তাকে রায়পুরা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, প্রায় তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে যোগদান করেন এবং ৯ মাস আগে হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পান। জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত থাকা সত্ত্বেও তিনি হাসপাতালে কর্মরত ছিলেন, যে কারণে অতীতেও তার অপসারণের দাবি উঠেছিল বলে জানা গেছে। তবে সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালের স্টাফদের মাধ্যমে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. ইসমাঈল আল রাজিবের ইয়াবাসহ আটক হওয়ার বিষয়টি জানতে পেরেছেন তিনি। অভিযোগের সত্যতা পুলিশি তদন্তেই নিশ্চিত হবে জানিয়ে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই দোষী সাব্যস্ত হবেন তিনি।
দৈনিক অধিকার ডেস্কঃ 
























