
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশীয় সাংস্কৃতিক সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, গণসংগীত, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টায় শহীদ সাটু হল অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ইতিবাচক মূল্যবোধ তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মানিক রায়হান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ড. মাহফুজুর রহমান আখন্দ।

সাংস্কৃতিক পরিবেশনার বিশেষ আকর্ষণ ছিলেন শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। এছাড়া গীতিকার ও নাট্যকার মামুদ রানা, শিল্পী ও প্রযোজক শফিক আদনান এবং সংগীতশিল্পী ও সুরকার ইউসুফ বকুলসহ একাধিক শিল্পী অংশ নেন।
এ আয়োজনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও অংশগ্রহণ করে। তাদের মধ্যে ছিল ফোয়ারা সাংস্কৃতিক সংসদ, মহানন্দা শিল্পীগোষ্ঠী এবং অভিযাত্রী শিল্পীগোষ্ঠী। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং গণমানুষের প্রত্যাশাকে স্মরণ করতেই এ সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী মানুষ, শিক্ষার্থী, তরুণ-তরুণী, সাহিত্য ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দেশীয় সাংস্কৃতিক সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতারা জানান, এমন আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সাংস্কৃতিক চর্চা, মুক্তচিন্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নিজস্ব প্রতিনিধি: 




















