
মাগুরা শহরের ভায়না টিটিসি পাড়া এলাকায় নিজ বাসা থেকে কামরুল হাসান শিবলু (৪৫) নামে এক মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিনের পারিবারিক কলহের প্রেক্ষাপটে এ ঘটনা ঘটেছে।
সোমবার (৩ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে। নিহত কামরুল হাসান শিবলু ওই এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। তিনি পেশায় মোটর শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সকালে ঘরের ভেতরে তাকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ঘরে প্রবেশ করে শিবলুর মরদেহ উদ্ধার করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
আফরিনা আমীন নদী,মাগুরা 




















