
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুসরণ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ৩০ জুলাইয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নতুন অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে বোর্ড জানিয়েছে, সভাপতি মনোনয়নের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ বা সুপার স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে তিন সদস্যের একটি প্রস্তাবিত প্যানেল পাঠাবেন।
এই প্যানেলে শিক্ষানুরাগী ব্যক্তি, সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত/অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তার ওপরে পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে। পরবর্তীতে অন্যান্য সদস্য মনোনয়নের প্রস্তাবসহ তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
তবে সিটি করপোরেশন এলাকার দাখিল ও আলিম মাদ্রাসার ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়ম রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
বাংলাদেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, সংশ্লিষ্ট কমিটির সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নতুন নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে নতুন পরিচালক পদায়ন
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঢাকা ও চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে নতুন পরিচালক পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাউশির ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তিনি মাউশিতে সংযুক্ত থাকবেন।
তার স্থলে ঢাকা অঞ্চলের পরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. ইদ্রিস আলী। তিনি এর আগে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) যুগ্ম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে মাউশির চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এম সহিদুল ইসলাম। তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বদলির আদেশাধীন ছিলেন।
চট্টগ্রাম অঞ্চলের বিদায়ী পরিচালক ফজলুল কাদের চৌধুরীকে ওএসডি করা হয়েছে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি মাউশি অধিদপ্তরে সংযুক্ত থাকবেন।
অধিকার ডেস্ক: 





















