
দেশীয় বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। গত দুই দিনে বন্দর দিয়ে ২৫টি ট্রাকে মোট ১১৬ টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং মূল্য স্থিতিশীল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের মহদীপুর স্থলবন্দর হয়ে সোনামসজিদ স্থলবন্দরে ১৩টি ট্রাকে ৮১ টন কাঁচা মরিচ আসে। এর আগের দিন সোমবার (৩ আগস্ট) একই পথে ১২টি ট্রাকে ৩৫ টন কাঁচা মরিচ আমদানি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। তিনি জানান, ২০২৫ সালের ১৪ নভেম্বরের পর দীর্ঘ বিরতি শেষে সোমবার থেকে পুনরায় এই বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার নাইম এন্টারপ্রাইজ, আবিদ এন্টারপ্রাইজ, শফিকুল ইন্টারন্যাশনাল, জুঁই ট্রেডার্স এবং মাসুম এন্টারপ্রাইজসহ একাধিক আমদানিকারক প্রতিষ্ঠানের চালান বন্দরে পৌঁছেছে। এছাড়া আরও কয়েকটি আমদানি ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। ফলে আগামী দিনগুলোতেও কাঁচা মরিচ আমদানির ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের (প্লান্ট কোয়ারেন্টাইন) উপপরিচালক কৃষিবিদ সমীর চন্দ্র জানান, দেশে কাঁচা মরিচের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার (৪ আগস্ট) পর্যন্ত ৯১টি আমদানি অনুমতিপত্রের (আইপি) বিপরীতে ভারত থেকে ৩২ হাজার ৩৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, কাঁচা মরিচ আমদানির জন্য আরও নতুন আইপি অনুমোদনের প্রক্রিয়া চলমান রয়েছে। ফলে আগামী দিনে আমদানির পরিমাণ আরও বাড়তে পারে, যা বাজারে সরবরাহ বৃদ্ধি এবং মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
বাজারসংশ্লিষ্টদের মতে, ধারাবাহিকভাবে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকলে দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ বাড়বে। এর ইতিবাচক প্রভাব ভোক্তা পর্যায়েও পড়বে বলে তারা আশা করছেন।
নিজস্ব প্রতিবেদকঃ 

















