
চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতিচারণ বিষয়ক একটি আলোচনা সভা। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. জুলফিকার মতিন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মোসা. মাহফুজা খাতুন, ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুস সালেকসহ গ্রন্থাগারের শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় বক্তারা জুলাই মাসের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, আত্মত্যাগের স্মৃতি এবং নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা মন্তব্য করেন, জাতীয় ইতিহাস ও চেতনা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে এ ধরনের আলোচনা সভার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
নিজস্ব প্রতিবেদকঃ 






















