
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। সভায় পৌরসভার সেবার মানোন্নয়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় শিবগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সেবাদান প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান।
মতবিনিময় সভায় ড. সাইমুম পারভেজ বলেন, জনগণের দোরগোড়ায় আরও দ্রুত, কার্যকর ও মানসম্মত নাগরিক সেবা পৌঁছে দিতে পৌরসভার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের সততা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় অংশ নেওয়া কর্মকর্তা ও কর্মচারীরা অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট, প্রশাসনিক জটিলতা এবং সেবার পরিধি বাড়াতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তারা।
সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, আলোচনায় উত্থাপিত বিষয়গুলো বাস্তবায়িত হলে শিবগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও সহজে কাঙ্ক্ষিত সেবা পাবেন।
নিজস্ব প্রতিবেদকঃ 






















