
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে সরকার। আগামী ২৬ আগস্ট দেশে দিবসটি পালিত হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দেবেন। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় উত্তোলন করা হবে জাতীয় পতাকা।
কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড, লাইটপোস্ট ও সড়কগুলো সাজানো হবে জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং কালিমা তাইয়্যিবা খচিত ব্যানারে।
দেশের সব মসজিদে, বিশেষ করে বাংলাদেশ সচিবালয় মসজিদে আয়োজন করা হবে বিশেষ দোয়া মাহফিলের। পাশাপাশি সব বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা ও সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে টেলিভিশন ও বেতারে ওয়াজ মাহফিল, সেমিনার ও টক শো প্রচারের পাশাপাশি কিরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠসহ শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আরবি খুতবা রচনা প্রতিযোগিতার আয়োজন থাকছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি স্মরণিকা প্রকাশ এবং বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজনও করবে।
দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, ইসলামের শান্তি ও সহিষ্ণুতার বার্তা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুদের জন্য পৃথক কর্মসূচি পালন করবে বাংলাদেশ শিশু একাডেমি।
দিবসটি উপলক্ষে দেশের সামরিক-বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন ও প্রবীণ নিবাসসমূহে বিশেষ মানসম্পন্ন খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও যথাযথ মর্যাদায় দিনটি পালিত হবে।
দিবসটি ঘিরে শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৩ আগস্ট অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ ধর্ম মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়-অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অধিকার ডেস্কঃ 






















