
ফিফার আরোপ করা সব নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। এর ফলে নতুন মৌসুমকে সামনে রেখে খেলোয়াড় নিবন্ধন ও দলবদনের কার্যক্রমে অংশ নিতে আর কোনো বাধা থাকছে না ছয়বারের লিগ চ্যাম্পিয়নদের।
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফার মোট ১৪টি নিষেধাজ্ঞা ছিল। এর মধ্যে আগেই ১১টি নিষ্পত্তি হয়েছিল। বাকি থাকা তিনটি নিষেধাজ্ঞাও শুক্রবার রাতে প্রত্যাহার করা হয়েছে বলে ফিফার ওয়েবসাইটের তথ্য থেকে জানা গেছে।
সব নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নতুন মৌসুমের জন্য এখন খেলোয়াড় নিবন্ধন এবং দলবদনের সুযোগ পাচ্ছে ক্লাবটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে।
অন্যদিকে, খেলোয়াড় নিবন্ধন ও দলবদনের কার্যক্রম চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে সীমিত সময়ের মধ্যেই নতুন মৌসুমের দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বসুন্ধরা কিংস।
এর আগে ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদনের বাজারে সক্রিয় হয়েছে দেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। নতুন মৌসুমের জন্য এরই মধ্যে কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ক্লাবটি। পাশাপাশি স্থানীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরও ধরে রাখার চেষ্টা করছে ধানমন্ডির দলটি।
মোহামেডান স্পোর্টিং ক্লাবও নতুন মৌসুম সামনে রেখে দল গঠনের কাজ এগিয়ে নিচ্ছে। দেশের শীর্ষ ক্লাবগুলো দল শক্তিশালী করতে মাঠে নামায় আসন্ন মৌসুমে শিরোপার প্রতিযোগিতা আরও জমে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে।
তবে এখনো নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাব। ক্লাবটির ওপর থাকা একটি ফিফা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সেই জটিলতার সমাধান হলে ২০২৬-২৭ মৌসুমে ১৩ দল নিয়ে লিগ আয়োজনের সম্ভাবনা তৈরি হতে পারে।
অধিকার ডেস্কঃ 
























