
নওগাঁর সাপাহারে প্রয়োজনীয় লাইসেন্স ও প্রশাসনিক ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় নির্মাণাধীন ‘স্টার ব্রিক’ নামের একটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমিতে ইটভাটা স্থাপনের জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র গ্রহণ না করেই নির্মাণকাজ শুরু করা হয়েছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ ইটভাটার মালিককে ডেকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
তবে প্রশাসনের সেই নির্দেশনা অমান্য করে নির্মাণকাজ চলতে থাকায় রোববার সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় ইটভাটার মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র সংগ্রহ না করা পর্যন্ত ইটভাটা স্থাপনসংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত মালামাল মালিকের নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার বিষয়েও লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে কিংবা আইন অমান্য করে অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কোনো ব্যক্তি প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ইটভাটা নির্মাণ বা পরিচালনার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অধিকার ডেস্কঃ 
























