
রাজধানী ঢাকায় অবস্থিত কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় সিটিটিসি কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার দূতাবাসগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছেন সিটিটিসির এক কর্মকর্তা।
সিটিটিসির ওই কর্মকর্তা বলেন, ই-মেইলে যে বার্তা পাঠানো হয়েছে, তা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।
সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক জানান, ঘটনা জানার পর সিটিটিসির কর্মকর্তারা সংশ্লিষ্ট দূতাবাসগুলো পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সপ্তাহের শেষ দিকে বাংলাদেশে অবস্থিত একাধিক বিদেশি দূতাবাসে একই ধরনের ই-মেইল পাঠানো হয়। এসব বার্তার মাধ্যমে আতঙ্ক তৈরির উদ্দেশ্য থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো দূতাবাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করেনি বলে জানা গেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, হুমকির বিষয়ে তার থানায় কোনো দূতাবাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।
ঘটনার উৎস, ই-মেইলগুলোর প্রেরক এবং এর পেছনে কারা রয়েছে—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অধিকার ডেস্কঃ 























