
যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড তাজা গুলি ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—আল আমিন শেখ (২৮), মো. বিল্লাল খাঁ (৩৬) ও মো. জুয়েল গাজী (৩০)।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগমারা গ্রামের হালিমের মোড় এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জসিমের চায়ের দোকানের সামনে থেকে আল আমিন শেখ ও বিল্লাল খাঁকে আটক করা হয়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আল আমিন শেখের প্যান্টের পকেট তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ আরও জানায়, আটক দুজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালিয়ে মো. জুয়েল গাজীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আটক তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অধিকার ডেস্কঃ 
























