
দেশে বিনিয়োগসংক্রান্ত সরকারি কার্যক্রমে সমন্বয় ও সেবা সহজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করা হয়েছে। তিন সংস্থাকে একত্র করে গঠন করা হয়েছে নতুন প্রতিষ্ঠান ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’।
এ বিষয়ে সরকার গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে এখন থেকে বিনিয়োগসংক্রান্ত সংশ্লিষ্ট কার্যক্রম নতুন এই কর্তৃপক্ষের আওতায় পরিচালিত হবে।
নতুন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ধারা ৮-এর উপধারা (৫) অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে এক বছরের জন্য তার নিয়োগ কার্যকর থাকবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকা যাবে না। পাশাপাশি সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্কও রাখা যাবে না।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে আশিক মাহমুদের নিয়োগ চুক্তিভিত্তিক। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
এ ছাড়া নতুন কর্তৃপক্ষের সদস্য হিসেবে আরও দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন সচিব পদমর্যাদার এয়ার ভাইস মার্শাল (অব.) মোহাম্মদ শাহারুল হুদা এবং অতিরিক্ত সচিব পদমর্যাদার নাহিয়ান রহমান রচি।
জনস্বার্থে এ নিয়োগ ও সংশ্লিষ্ট আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী এতে স্বাক্ষর করেন।
অধিকার ডেস্কঃ 

























